মওলানা ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম অযত্নে-অবহেলায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন / ০ Views
মওলানা ভাসানীর ব্যবহৃত সরঞ্জাম অযত্নে-অবহেলায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ টাংগাইল
মো: আশিক
একটি ট্রাক্টর, অথচ এর সঙ্গে জড়িয়ে আছে দুই দেশের ইতিহাস, দুই বিপ্লবী নেতার বন্ধুত্ব এবং কৃষক-শ্রমজীবী মানুষের কল্যাণে এক ব্যতিক্রমী উদ্যোগের গল্প। এটি কোনো সাধারণ কৃষিযন্ত্র নয়। চীনের বিপ্লবী নেতা মাও সে-তুঙের দেওয়া উপহার, যা একসময় মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কৃষি ও সমবায় ভাবনার প্রতীক হয়ে উঠেছিল। চীন থেকে উপহার পাওয়া ট্রাক্টর, টাইপ রাইটারসহ ভাসানীর ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম অযত্নে-অবহেলায় পড়ে আছে। অনেক সরঞ্জাম আবার নষ্টও হয়ে যাচ্ছে। তার স্মৃতিবিজড়িত সরঞ্জামগুলো ভালোভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবারের সদস্য, ভক্ত ও অনুসারীরা।
টাঙ্গাইলের সন্তোষে মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংরক্ষিত রয়েছে ঐতিহাসিক এই ট্রাক্টর। কয়েক দশক আগে চীন থেকে আসা যন্ত্রটি আজ কেবল একটি পুরোনো কৃষিযন্ত্র নয়। বরং বাংলাদেশ-চীন ঐতিহাসিক যোগাযোগ এবং ভাসানীর কৃষকবান্ধব দর্শনের নীরব সাক্ষী।

জানা যায়, মওলানা ভাসানী ১৯৬৩ সালে প্রথম এবং ১৯৬৪ সালে দ্বিতীয়বার চীন সফর করেন। ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে ‘মাও সে-তুঙের দেশে’ নামে একটি বইও লেখেন। বিগত ১৯৬৬ সালে মওলানা ভাসানী তৃতীয় ও শেষবার চীন সফর করেন। সে সময় চীনের নেতা মাও সে-তুঙ তাকে একটি ট্রাক্টর উপহার দেওয়ার কথা বলেন। বিগত ১৯৬৭ সালে চীন থেকে ট্রাক্টরটি এ দেশে পাঠানো হয়। সমবায় পদ্ধতির কৃষিকাজে ট্রাক্টরটির সাহায্যে একসঙ্গে ৫০ একর জমি চাষ করা যেত। সেই সময় মওলানা ভাসানীর কৃষি চলমান ছিল জয়পুরহাটের পাঁচবিবির মহীপুর এলাকায়।
সেখানে ট্রাক্টরটি কিছুদিন কাজে লাগানো হয়। এরপর ১৯৭৪ সালে ট্রাক্টরটি টাঙ্গাইলের সন্তোষে নিয়ে আসা হয়। পরে ভাসানী ট্রাক্টরটি বসিয়ে না রেখে কাজ করার জন্য বিএডিসিকে দিয়ে দেন। বিএডিসি সেটি জামালপুরে কিছুদিন কাজে লাগায়। জামালপুরে ট্রাক্টরটি একপর্যায়ে অকেজো অবস্থায় পড়ে থাকার পর বিক্রির কথা ওঠে। পরে ১৯৯৫ সালে তৎকালীন সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্ট বোর্ড ট্রাক্টরটি ক্যাম্পাসে ফিরিয়ে আনে। বর্তমানে ট্রাক্টরটি ভাসানী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তত্ত্বাবধানে জাদুঘরে সংরক্ষিত আছে।

সরেজমিন দেখা যায়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের পশ্চিম পাশে একটি টিনশেডে রয়েছে ট্রাক্টরটি। শেডের চারপাশে স্বচ্ছ কাচ। ট্রাক্টর ও টাইপ মেশিনটিতে জমেছে ধুলার আস্তরণ। মওলানা ভাসানী ও চীনের কমিউনিস্ট বিপ্লবের নেতা মাও সে-তুঙের স্মৃতিবিজড়িত এই ট্রাক্টরের সামনের একটি চাকা নেই। এটি উচ্চতায় ছয় ফুট, লম্বায় ১০ ফুট।
বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থী আক্তারুজ্জামান সাজু বলেন, মওলানা ভাসানী দলমত-নির্বিশেষে আমাদের রাষ্ট্রীয় সম্পদ; তিনি আছেন আদর্শ, স্মৃতি, ইতিহাস ও কবির কবিতায়। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। এই বঙ্গীয় ‘ব’ দ্বীপে এক সাধারণ পরিবারে জন্ম নিয়েও যে বিশ্বরাজনীতিতে প্রভাব বিস্তার করা যায়, মওলানা ভাসানী তার জ্বলন্ত উদাহরণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, তার রেখে যাওয়া স্মৃতিচিহ্ন ও প্রতিষ্ঠানগুলো আজ ধ্বংসের পথে। মওলানা ভাসানী শুধু রাজনৈতিক আন্দোলনের নেতা ছিলেন না, কৃষক ও মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির স্বপ্নও দেখতেন। তার চিন্তায় কৃষির উন্নয়ন, সমবায়ভিত্তিক উৎপাদন এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ ছিল বিশেষ গুরুত্বের বিষয়।
আফাজ মিয়া নামে ভাসানীর এক ভক্ত বলেন, শুধু কাঁচঘেরা স্থানে রেখে দিলেই একটি ঐতিহাসিক নিদর্শনের সংরক্ষণ সম্পন্ন হয় না। প্রয়োজন উপযুক্ত জাদুঘর, নিয়ন্ত্রিত পরিবেশ, নিয়মিত পরিচর্যা, তথ্যফলক এবং ডিজিটাল আর্কাইভ। ট্রাক্টরটির উৎপত্তি, নির্মাতা প্রতিষ্ঠান, মডেল, ইঞ্জিনের সক্ষমতা, উৎপাদনকাল এবং চীন থেকে বাংলাদেশে পাঠানোর মূল দলিল সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে মাও সে-তুঙের উপহার হিসেবে এর ঐতিহাসিক পরিচয় নিশ্চিত করতে চীনা পক্ষের আর্কাইভ ও কূটনৈতিক নথিও অনুসন্ধান করা যেতে পারে।

মওলানা ভাসানীর নাতী ও ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী বলেন, দীর্ঘদিন ধরে শ্রদ্ধেয় কবি বুলবুল খান মাহবুবেব নেতৃত্বে আমরা ভাসানী পরিবার, ভক্ত ও অনুসারীরা ভাসানীর নিজ হাতে গড়া বিভিন্ন প্রতিষ্ঠানকে দরবার হলের পাশে স্থানান্তর করে একটি ‘ভাসানী কমপ্লেক্স’ গড়ে তোলার দাবি জানিয়ে আসছি। এর লক্ষ্য একটাই মওলানা ভাসানীর স্মৃতি, সংগ্রাম ও কর্মকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে সুসংগঠিতভাবে তুলে ধরা। এই দাবিতে বিভিন্ন সময়ে সভা-সমাবেশ, মানববন্ধন করা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে একটি কুচক্রী মহলের কারণে চীন থেকে উপহারপ্রাপ্ত ট্রাক্টরসহ তার বহু স্মৃতিচিহ্ন নষ্ট হয়ে যাচ্ছে, যার দায় কেউ নিতে চায় না। তিনি আরও বলেন, আমরা সরকারের কাছে পুণরায় জোর দাবি জানাই, প্রস্তাবিত ‘ভাসানী কমপ্লেক্স’ দ্রুত বাস্তবায়ন করা হোক। যাতে তার ইতিহাস, সংগ্রাম ও সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে সংরক্ষণ পায়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার ত্যাগ, মানবতা ও রাজনৈতিক দর্শন পৌঁছে দিতে সবস্তরের পাঠ্যপুস্তকে মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।