
নারায়ণগঞ্জের সোনারগাঁয় গরম পানি দিয়ে ঝলসে দেওয়া ১৩ বছর বয়সি আফরিন আক্তারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসার অভাবে ওই কিশোরীর মৃত্যু হয়।
জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেন তার আপন মামি। এ ঘটনায় গত ২৭ অক্টোবর নিহত কিশোরীর মা রওশন আরা বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে রয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার সঙ্গে তার ছোট ভাই জাকির হোসেনের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।
গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের সদস্যরা মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করেন সোনিয়া আক্তার। এ সময় ঘুমন্ত আফরিনের শরীরে গরম পানি ছুড়ে মারেন তার মামি। এতে কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
দগ্ধ ওই কিশোরী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দীর্ঘ এক মাস চিকিৎসা নেয়। পরে অর্থাভাবে চিকিৎসা শেষ না করেই তাকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করে। কয়েক দফা সালিশি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।
পরবর্তীতে কোনো সমাধান না পেয়ে গত ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে কিশোরী আফরিনের মা বাদী হয়ে চারজনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা করেন। ওই মামলায় দুপুরে কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে রহমত আলীর ছেলে জাকির হোসেন, তার স্ত্রী সোনিয়া আক্তার ও তার বোনজামাই মোস্তফা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা জানান, তার ভাই জাকির হোসেন ও তার স্ত্রীর সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাদের সঙ্গে দীর্ঘদিনের শত্রুতা চলছিল। এ ছাড়া একটি মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে তার মেয়েকে দোষারোপ করা হয়। এ নিয়ে তাদের মধ্যে তর্কবিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার ঘুমন্ত অবস্থায় তার মেয়ের শরীরে গরম পানি ঢেলে দেন। এতে তার মেয়ের শরীর ঝলসে যায়।
তিনি আরও জানান, অর্থাভাবে মেয়ের চিকিৎসা শেষ না করেই বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বিচার-সালিশের আয়োজন করা হয়। ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করার ইচ্ছা ছিল না তার। মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করলেই সমস্যার সমাধান হতো। চিকিৎসার অর্থের অভাবে তার মেয়ের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে মেয়ের মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বলেন, গরম পানি দিয়ে ঝলসে দেওয়া কিশোরীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। নিহত কিশোরীর মায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আপনার মতামত লিখুন :