
মোমিনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ আমন সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশের কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুত শক্তিশালী করার লক্ষ্যে সরকার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম গ্রহণ করেছে। কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ধান নিয়ে ন্যায্য মূল্য পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মু. জসীম উদ্দিন খান, মহাপরিচালক (খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট) মো. মাহাবুবুর রহমান, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক (সংগ্রহ) মো. মনিরুজ্জামান, মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম এবং জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ।
এ ছাড়া অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অভ্যন্তরীণ আমন সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের খাদ্যনিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :