টিআরপির জন্য যারা কাজ করে তাদের হেদায়েত কামনা করলেন অনন্ত জলিল


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৬, ৩:১৪ অপরাহ্ন / ০
টিআরপির জন্য যারা কাজ করে তাদের হেদায়েত কামনা করলেন অনন্ত জলিল

আলোচনায় থাকা অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল এবার সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি।

পোস্টের শুরুতে পবিত্র কোরআনের দুটি বাণী উল্লেখ করেন অনন্ত জলিল। তিনি লেখেন, ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।’ এর অর্থ, আমরা কেবল আল্লাহর ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই। পাশাপাশি লেখেন, ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।’

এরপর যারা তার জন্য দোয়া করেছেন এবং ইতিবাচক পোস্ট ও ভিডিও প্রকাশ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তবে যারা টিআরপির জন্য তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ করেছেন, তাদেরও ধন্যবাদ জানান এই অভিনেতা। একই সঙ্গে তাদের হেদায়েত কামনা করেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা ঋণের বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছেন অনন্ত জলিল। এ ঘটনায় তার ও প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।