
নিজস্ব প্রতিবেদক: বর্ণিল আলোকসজ্জা, জমকালো মঞ্চ, তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিত্বদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসর।
গত ২৪ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লুবনা আক্তার ও মোঃ আকাশ’র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্ব, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিল্পী, মডেল, অভিনেতা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের মঞ্চজুড়ে ছিল আকর্ষণীয় আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন আয়োজন। অতিথিদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। একপর্যায়ে মঞ্চে বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। পাশাপাশি ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব। এ ছাড়া চলচ্চিত্র, সংগীত, টেলিভিশন ও ফ্যাশন জগতের পরিচিত মুখদের উপস্থিতি অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত তারকাদের মধ্যে ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা, রওশন আরা রোজিনা, দিলারা হানিফ পূর্ণিমা, ফারহানা আমিন রোজা, ফেরদৌস আরা, মনির খান, পিয়াল হোসেন, জয় চৌধুরী, বারিশা হক, শাহেদ শরীফ খান, প্রার্থনা ফারদিন দীঘি, আনিকা কবির শখ, মিষ্টি জান্নাত, রাজ রিপা, মনিরা মিঠু, নাসির হোসেন, গৌতম সাহা, পৈশমী সোমী ও রবি চৌধুরীসহ অনেকে।
এবারের আয়োজনে সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা অর্জন করেন পুবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক জনবাণী পত্রিকার পুবাইল প্রতিনিধি রবিউল আলম। অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সম্মাননা অর্জনের অনুভূতি প্রকাশ করে রবিউল আলম বলেন, ‘এ অর্জন আমার পেশাগত জীবনে অনুপ্রেরণা হয়ে থাকবে।’ তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, মানুষের কথা তুলে ধরা এবং সমাজের কল্যাণে সাংবাদিকতার দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ আয়োজনের মূল উদ্দেশ্য শুধু সম্মাননা প্রদান নয়; বরং বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের স্বীকৃতি দেওয়া, তাঁদের কাজকে উৎসাহিত করা এবং নতুন প্রজন্মের সামনে সাফল্যের অনন্য দৃষ্টান্ত তুলে ধরা।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ দেশের উদ্যোক্তা, শিল্পী, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের আরও উৎসাহিত করবে। ‘Celebrating Excellence. Inspiring Generations.’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ডের তৃতীয় আসর শেষ হয় নতুন স্বপ্ন, সম্ভাবনা ও সাফল্যের প্রত্যাশা নিয়ে।
আপনার মতামত লিখুন :