
মোঃ নাজিমুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার মেয়ে রেহানা খানম মৌসুমী নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্যের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। দিনাজপুরের ঐতিহ্যবাহী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেছেন তিনি। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।
রেহানা খানম মৌসুমী ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা মো. নুরজামান ইসলাম ও আমিনা পারভীন দম্পতির মেয়ে। তাঁর বাবা ও মা দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক। শিক্ষিত ও শিক্ষক পরিবারে বেড়ে ওঠা মৌসুমী ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন। পরিবারের শিক্ষাবান্ধব পরিবেশ এবং বাবা-মায়ের অনুপ্রেরণা তাঁর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
শিক্ষাজীবনে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন রেহানা খানম মৌসুমী। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। উভয় পর্যায়ে তাঁর ফলাফল ছিল প্রথম শ্রেণিতে প্রথম (ফার্স্ট ক্লাস ফার্স্ট)। নিজের মেধা ও নিরলস প্রচেষ্টায় এমন কৃতিত্ব অর্জনের পর এবার একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগদানের সুযোগ পেয়েছেন তিনি।
একজন শিক্ষার্থীর জন্য যে বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করেছেন, সেই বিশ্ববিদ্যালয়েই শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাওয়া নিঃসন্দেহে বিশেষ গৌরবের বিষয়। শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়ার এই পথচলা তাঁর দীর্ঘদিনের অধ্যবসায়, লক্ষ্যনিষ্ঠা ও মেধারই প্রতিফলন।
রেহানা খানম মৌসুমীর এ সাফল্য শুধু তাঁর পরিবারের জন্য নয়, পুরো ভূল্লী উপজেলার জন্যও আনন্দ ও গর্বের বিষয়। বিশেষ করে প্রত্যন্ত এলাকার একজন শিক্ষিত তরুণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আত্মপ্রকাশ স্থানীয় শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর প্রত্যাশা, শিক্ষকতা পেশায় নিজের মেধা, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি উচ্চশিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাঁর হাত ধরে আরও অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় অনুপ্রাণিত হবে এবং নিজেদের স্বপ্ন পূরণে এগিয়ে যাবে।
রেহানা খানম মৌসুমীর এই গৌরবময় অর্জনে পরিবার, স্বজন ও এলাকাবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন এবং তাঁর কর্মজীবনের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :