
মোমিনুর রহমান, মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মানিকগঞ্জ শহরের বেউথা সেতুর দক্ষিণ পাড় থেকে র্যালিটি শুরু হয়ে ঘিওর উপজেলার নালী ইউনিয়ন পরিষদ এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পরিবেশ সচেতন তরুণেরা অংশ নেন।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ (COP31)-এর সফলতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিকের (BARCIK) সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করে সাইক্লিস্ট ক্লাব, ইয়ুথ গ্রিন ক্লাব ও গ্রিন কোয়ালিশন।
কর্মসূচির উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী নাসরিন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জরিনা কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইনুদ্দিন, কৌড়ী কলেজের সাবেক সহকারী অধ্যাপক আনিসুর রহমান, মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবু মো. নাহিদ, ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন, বারসিকের আঞ্চলিক কর্মকর্তা বিমল রায় এবং মানিকগঞ্জ সাইক্লিস্ট ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আয়োজকেরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জনসচেতনতা সৃষ্টি, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার বার্তা ছড়িয়ে দিতেই এ র্যালির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
উল্লেখ্য, জলবায়ু পরিবর্তন বর্তমানে বিশ্বের অন্যতম বড় সংকট। বাংলাদেশসহ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষ এর বিরূপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, পর্যাপ্ত জলবায়ু অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারে কার্যকর ও সম্মিলিত উদ্যোগ গ্রহণ জরুরি।
পরে র্যালি শেষে নালী ইউনিয়নে খেলার মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :